কালুখালীতে প্রবাসীর কলাবাগান কেটে লক্ষাধিক টাকার ক্ষতি
- Update Time : ১০:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১২ Time View

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক কাতার প্রবাসীর কলাবাগান কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন দিবালোকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া পুরাতন চর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রবাসী মিজানুর রহমান প্রায় দেড় বছর ধরে কাতারে অবস্থান করছেন।
পরিবার সূত্রে জানা যায়, বিদেশে যাওয়ার আগে স্ত্রী-সন্তানের জীবিকার কথা চিন্তা করে বাড়ির পাশের জমিতে কলার বাগান গড়ে তুলেছিলেন মিজানুর রহমান। চলতি মৌসুমে গাছগুলোতে কলা ধরা শুরু হলে গত ১৪ জুন সকালে হরিনবাড়ীয়া পুরাতন চর এলাকার হোসেন শেখ, জামাল শেখসহ কয়েকজন বাগানে প্রবেশ করে কলাগাছ কেটে ফেলে। এতে প্রবাসীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
প্রবাসীর স্ত্রী বিপাশা আক্তার অভিযোগ করেন, ঘটনার রাতে দুর্বৃত্তরা তাদের বাড়ির বৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকে তারা বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছেন। স্থানীয়ভাবে বিষয়টি জানালেও কোনো প্রতিকার না পেয়ে তিনি গত ২২ জুন কালুখালী থানায় হোসেন শেখসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার (৪ জুলাই) ঘটনাস্থলে গিয়ে বিপাশা আক্তার বলেন, “অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছি। যে কোনো সময় অভিযুক্তরা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত জামাল শেখ কলাগাছ কাটার বিষয়টি স্বীকার করলেও এর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, “কারও ফসল নষ্ট করা অত্যন্ত অমানবিক কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা অন্যায় করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে কালুখালী থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































