অপরিকল্পিত ভাবে হান্নানের চাতালে বালু বিক্রি : জৌকুড়ায় বালু চাপায় নিহত ৩
- Update Time : ০৬:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া বাজারের পাশের এলাকায় বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, বালু চাতাল মালিক হান্নান শেখের ভাই ও স্থানীয় দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মোঃ রহিম শেখ (৫২), স্থানীয় জৌকুড়া গ্রামের আনসার শেখ ওরফে গেদা শেখের বেকু ড্রাইভার ছেলে মোঃ মারুফ শেখ (১৯) এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের দশ চাকার ট্রাক চালক ছেলে ইমরান সরদার ওরফে রিমন (২৭)।
স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নান শেখের মালিকানাধিন “লিখন এন্টার প্রাইজ” নামে বৃহৎ আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে দিনে ও রাতে নিয়মিত ভাবে বালু বিক্রি করা হয়। তবে বৃহৎ আকার (ছোট একটা পাহাড় সমতুল্য) ওই বালু চাতালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছোট-বড় ট্রাকে বালু বিক্রি করা হয়ে থাকে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই বালুর চাতাল থেকে বিক্রি করা দশ চাকার একটি ট্রাকে বেকু দিয়ে বালু ভর্তি করা হয়। নিরাপত্তা কৌশল না থাকার কারণে ট্রাকে বালু ভর্তির পর বেকু চালক, ট্রাক চালক ও চাতাল মালিকের ভাই ওই ট্রাকটির চাকার নিচ থেকে বালু পরিস্কার করা শুরু করেন। সে সময় পাহাড় আকৃতির বালুর চাতালে হঠাৎ করে ধ্বস নামে এবং ওই তিন জনই বালু চাপায় পরে যান। বিষয়টি ওই ট্রাকের হেলপার শাজাহান আলী চিৎকার করেন এবং স্থানীয়দের সহযোগিতায় বালু চাপায় থাকা তিন জনকেই উদ্ধার করেন। উদ্ধারকৃতদের ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
বালু চাতাল মালিক হান্নান শেখের চাচাতো ভাই ফিরোজ উদ্দিন জানিয়েছেন, এটা নিছক একটা দূর্ঘটনা। তাদের কিছু করার নেই।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় বালু চাতাল মালিকের বৃদ্ধ বাবা আব্দুল হালিম শেখ রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। কারো অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































