রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
- Update Time : ১০:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বড়পুল এলাকা থেকে শুরু হয়ে শহরের পান্না চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু বন্যার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরীক্ষার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘ব্রয়লার মুরগী’ মন্তব্য করে অপমান করেছেন। এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এছাড়া চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র পাঠ্যবইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে। এ কারণে তারা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার আয়োজনের দাবিও জানান।
বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মুনতাহা মাহিয়া ছুম্মা, ফারহান শাহারিয়ার ও শুভ বিশ্বাস সৌরভসহ অনেকে। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































