রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
- Update Time : ১০:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ ইয়াসিন মণ্ডল সোমবার (৮ জুন) সকালে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি এক ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার এফ এন টাওয়ারে অবস্থিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র রাজবাড়ী শাখার বেইজমেন্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ব্যাংকের সিকিউরিটি গার্ড মোঃ শিবলু শিহাব ওরফে পিয়াসের সঙ্গে স্থানীয় জিল্লুর রহমান ওরফে লালুর কথা কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার কিছুক্ষণ পর জিল্লুর রহমান তার ছোট ভাই সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে শিবলু শিহাবের ওপর হামলা চালান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন ব্যাংকের ফিল্ড সুপারভাইজার সোহেল রানা। তাকেও মারধর করা হয়।
পরে পরিস্থিতি শান্ত করতে গেলে ব্যাংকের ফিল্ড অফিসার মো. মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মাহবুবুর রহমান পলাশ একটি ধারালো রামদা দিয়ে মাসুম বিল্লাহর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
হামলায় মাসুম বিল্লাহর মাথায় গুরুতর জখম হয় এবং তার মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া সিকিউরিটি গার্ড শিবলু শিহাবের হাত কেটে যায় এবং ফিল্ড সুপারভাইজার সোহেল রানাও আহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার পর অভিযুক্তরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ওই ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। একই সাথে মামলার আসামি জিল্লুর রহমান ওরফে লালুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































