সকলের ভালোবাসায় অনন্য শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- Update Time : ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি বদলে যাওয়ার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আখতার বলেন, বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে পরিচালিত হচ্ছে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার অভিভাবকরা তুলনামূলক সচেতন হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হচ্ছে। ফলে বিদ্যালয়ে ঝরে পড়ার হার নেই বললেই চলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো জানান, একঝাঁক মেধাবী, দক্ষ ও আত্মনিবেদিত শিক্ষক নিরলসভাবে শিশুদের পাঠদান ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মেধা ও প্রয়োজন অনুযায়ী পাঠদান করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ছুটির দিনেও বিশেষ ক্লাস নেওয়া হয়, যা শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করেন।
বিদ্যালয়টিতে পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নান্দনিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ ঘটছে। ফলে শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়টি হয়ে উঠেছে আনন্দময় এক শিক্ষাঙ্গন।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে স্থানীয়দের ব্যাপক সম্পৃক্ততা। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির সদস্যরা ব্যক্তিগত উদ্যোগ, শ্রম ও অর্থায়নের মাধ্যমে মাঠে মাটি ভরাট, টেরাকোটার মঞ্চ নির্মাণ, অভিভাবকদের বসার স্থান ও টেরাকোটাসংবলিত গেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন।
এছাড়া ২০২০ সাল থেকেই বিদ্যালয়ে স্মার্টবোর্ডের মাধ্যমে শ্রেণি পাঠদান চালু রয়েছে। রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমও। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান দিন দিন আরও উন্নত হচ্ছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সকলের আন্তরিক পরিচর্যা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার ফলেই এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































