পাংশার পাট্টায় বিএনপি নেতার বাড়ীতে হামলা, অগ্নিসংযোগ
- Update Time : ০৯:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ-পরবর্তী সহিংসতায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমনের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার (৩ মে) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিভা স্কুলের সামনে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস নামে বিএনপির এক কর্মীকে ১০/১২ দিন আগে পাট্টা গ্রামে মারধর করেন রাশেদুল, সবুজ ও সজীব। এর জের ধরেই শনিবার সকালে ইউনুস ও তার সহযোগীরা রাশেদুলকে দেখে পেয়ে মারধর করে। গুরুতর আহত রাশেদুলকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার পর দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে জোনা পাট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল ইসলামের বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়। এছাড়া আরও কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে পাংশা হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অগ্নি সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়নের পাট্টা মন্ডলপাড়া একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































