রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে সংঘর্ষ, আহত ২০
- Update Time : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের উদ্যোগে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার সামনের এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের গুলি বর্ষণ ও লাঠিপেটায় কমপক্ষে ২০ জন আহত এবং ১৫ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দাবী করেছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালে গুলিতে আহতরা হলো, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, মিছিলে আগত পাংশার বিষ্ণপুরের শফিক, জেলা সদরের মাধব লক্ষিকোল গ্রামের রহিম হোসেন ও ইউনুস আলী, সোনাকান্দরের দাইয়ান, চন্দনীর শফিকুল ইসলাম, আফড়ার হারুন মজুমদার, চন্দনী বাবুপুরের রেজাউল শেখ ও গোয়ালন্দ পৌর এলাকার জসিম ব্যাপারী ও গোয়ালন্দের সাইদুর রহমান।
রাজবাড়ী সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেয়া পুলিশ সদস্যরা হলো, রাজবাড়ী থানার এসআই সোহেল রানা, এসআই কামরুজ্জামান সিকদার, এএসআই আবুল হাসেম, পুলিশ কনষ্টেবল মোঃ চঞ্চল হোসেন, কনষ্টেবল আব্দুল হালিম, কনষ্টেবল আলামিন, কনষ্টেবল হারুন, পুলিশ লাইনের নায়েক আসলাম আলী।
জানাগেছে, দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শহরের রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ এলাকার খৈয়মের বাস ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী পৌরসভা এলাকায় পৌছায়।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ওই সময় পুলিশ বিনা কারনে তাদের শোভাযাত্রায় কাদানো গ্যাস নিক্ষেপ, লাঠি পেটা এবং গুলি বর্ষণ করে। এতে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। পুলিশের গুলি বর্ষণ ও লাঠিপেটায় কমপক্ষে আমাদের ২০ জন নেতা-কর্মী আহত এবং ১৫ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং আটককৃতদের মুক্তির দাবী জানাই।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, বিএনপি কর্মীরা প্রধান সড়কের ফোরলেন সড়কের মাঝে থাকা আওয়ামীলীগের ব্যানার ও প্লাকার্ড ভাংচুর করে। এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিএনপি’র কর্মীরা বিনা উস্কানিতে মিছিলের পেছন থেকে পুলিশ উপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।
এদিকে, ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম, আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































