পাংশায় চিকিৎসা অবহেলায় সাপের কামড়ে স্কুল ছাত্রী সাফা’র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
- Update Time : ১০:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ৩৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় বিরল প্রজাতির সাপের কামড়ে সাফা মারওয়া (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মোঃ শাজাহান আলী মন্ডলের মেয়ে ও বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। এ কমিটি আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
তারাপুর দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম বলেন, নিজ ঘরের চৌকিতে মশারির নিচে শুয়ে থাকা সাফাকে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বিরল প্রজাতির সাপে কামড় দেয়। পরে তাকে পাংশা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভ্যাকসিন না থাকায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানেও ভ্যাকসিন না মেলায় বাইরে থেকে ক্রয় করে ভ্যাকসিন দেন। তারপরও তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে মারা যায়। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানিয়েছেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সহ বিরল প্রজাতির সাপের আনা গোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তারা হাসপাতাল গুলোতে ভ্যাকসিন সরবরাহের দাবী জানান।
মৃত সাফার মা সুমাইয়া খাতুন জানিয়েছেন, পাংশা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে কোন ভ্যাকসিন দেয়া হয়নি। এরপর তারা সাফাকে কুষ্টি নিয়ে যান। সেখানেও সাপে কাটা রোগির কোন ভ্যাকসিন ছিলোনা। যে কারণে তারা ঢাকার উদ্দেশ্যে সাফাকে নিয়ে যান।
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজা উদ্দিন জানান, ওই দিন রাত ২টা ৪৫ মিনিটে সাফাকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের কাছে সাপে কাটা রোগীর ভ্যাকসিন মজুদ আছে। তবে রোগিকে প্রয়োগের আগে বলা হয় রিস্ক বোন্ডে স্বাক্ষর করতে। যদিও সাফার পরিবারের সদস্যরা ওই রিক্স বন্ডে স্বাক্ষর করতে রাজি হন নি। যে কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন জানান, জেলা সদরসহ জেলা ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সাপে কাটা রোগির অ্যান্টিভেনম ভ্যাকসিন আছে। তবে তার দাবী ওই রোগি (সাফা) পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আসে নাই। চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
সাপের উপদ্রব বৃদ্ধিতে অবহিতকরণ বিজ্ঞপ্তি প্রকাশ
এদিকে, জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে অবহিতকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ষাকালে জেলার পাংশা উপজেলার অনেক জায়গায় বিশেষ করে চরাঞ্চলগুলোতে সাপের উপদ্রব বেড়ে থাকে। সকলের প্রতি অনুরোধ, যদি কাউকে সাপ কামড়ায় তবে তাকে অনতিবিলম্বে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) রয়েছে। যদি কর্তব্যরত ডাক্তার বিষাক্ত সাপের কামড় মনে করেন, তাহলে তাকে অ্যান্টি ভেনম দিবেন। সকল সাপে কাটা রোগির অ্যান্টিভেনম লাগে না। তবে সকল রোগিকে অন্তত ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি থাকতে হবে। অবশ্যই কোনো ওঝা বা হাতুড়ে চিকিৎসকের নিকট না নিয়ে যতদ্রুত সম্ভব পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল। বাড়ির আশেপাশের ঝোপঝাড় এবং ডোবা নিয়মিত পরিস্কার রাখার প্রতি সকলের সচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ে একান্ত কাম্য। কোনো কোনো সাপে কাটা রোগিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা পর্যায়ের হাসপাতালে বা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা লাগতে পারে। সেই ক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসক সিদ্ধান্ত নিবেন। পাংশাবাসীর সুচিকিৎসা নিশ্চিতকল্পে হাসপাতাল কর্তৃপক্ষ বদ্ধপরিকর। যেকোন অনাকাংখিত ঘটনার সম্মুখীন হলে রাজবাড়ীর সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































