৭২ রাউন্ড গ্যাস সেল ও গুলি বর্ষণ, দু’টি মামলা : পাংশায় নির্বাচন পরবর্তী সহিংসতা –
- Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম ধাপে গত বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচন শেষে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শহীদ খবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বিলগজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। সে সময় পুলিশের ২টি গাড়ী ভাংচুর এবং একজন পুলিশ কনষ্টেবল আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও এপিবিএন সদস্যরা ৬৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৭ রাউন্ড গ্যাস সেল বর্ষণ করে। ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে জেলার পাংশা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
জানাগেছে, নির্বাচনের পর বাহাদুরপুর ইউনিয়নের শহীদ খবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সজিব হোসেনের নেতৃত্বে ফলাফল সঠিক ভাবে গণনা না হবার অভিযোগ তুলে স্কুল মাঠে আগুন ধরিয়ে দেয় এবং প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে নির্বাচনী মালামাল ছিনিয়ে নেবার চেষ্টা করে। সে সময় পুলিশ সদস্যরা ৪ রাউন্ড শর্টগানের গুলি ও ৪ রাউন্ড গ্যাস সেল বর্ষণ করে। অপরদিকে, একই ইউনিয়নের বিলগজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রদান শেষে প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা পাংশার উদ্দেশ্যে রওনা হতেই স্থানীয় তারাপুর দাখিল মাদ্রাসা এলাকায় একই প্রার্থীর সমর্থকরা হামলা চালায় তারা ভোটের মালামাল ছিনিয়ে নেবার চেষ্টার পাশাপাশি পুলিশের দুইটি গাড়ি ভাংচুর করে। ওই সময় গাড়ি চালক পুলিশ কনষ্টেবল সাকিব আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬১ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড গ্যাস সেল বর্ষণ করে।
পাংশা থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানিয়েছেন, এ ঘটনায় বিলগজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৫জনকে চিহ্নিত করে অজ্ঞাত ৫০/৬০ জনকে এবং শহীদ খবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমদাদুল হক বাপ্পি বাদী হয়ে ৩ জনকে চিহ্নিত করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে পাংশা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































