সরকারি কাজের নামে বাণিজ্য: গোয়ালন্দে মরা পদ্মা নদী ও কৃষিজমি হতে অবাধে মাটি-বালু উত্তোলন –
- Update Time : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১০০ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদী ও কৃষিজমি হতে দীর্ঘদিন ধরে অবাধে মাটি ও বালু উত্তোলন করছে প্রভাবশালী চক্র। সরকারি ঘর ও রাস্তা-ঘাট নির্মাণের আড়ালে মূলত বাণিজ্য করছে চক্রটি।
সম্প্রতি পদ্মা নদীর দৌলতদিয়া বেপারি পাড়া সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত এলাকায় অবৈধ মাটি কাটা বন্ধ করতে গিয়ে ওয়াসিম নামের এক প্রভাবশালী মাটি ব্যাবসায়ীর হাতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল ইসলাম শারিরীকভাবে লাঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে সার্ভেয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন বিচার পাননি। থানায় অভিযোগ দিতে চাইলেও ইউএনও তাকে নিরুৎসাহিত করেন। এছাড়া ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়ন থেকে মাটি ও বালু কাটা বন্ধের জন্য স্থানীয়রা প্রশাসনের নিকট পৃথক অভিযোগ দিলেও তা আমলে নেয়া হয় নি বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন । এ অবস্থার মধ্যেও থেমে নেই মাটি কাটা ও বালু উত্তোলন।
তবে মাটি ও বালু উত্তোলনকারী কয়েকজনের দাবি, তারা সরকারি কাজের জন্য ইউএনও’র অনুমতি নিয়ে মাটি ও বালু উত্তোলন করছেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ দু’একজন সরকারি কাজের জন্য মাটি-বালু তুললেও তারাসহ বাকি সবাই অজ্ঞাত ব্যক্তিকে ম্যানেজ করে উত্তোলিত বালু ও মাটি বিভিন্ন ইটভাটা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী, খাল ও কৃষিজমি হতে অন্তত ২৫/৩০ টি অবৈধ ড্রেজার ও এস্কেভেটর মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও মাটি কাটা হচ্ছে। দিনের বেলায় এ সকল মাটি ও বালুর একটা ক্ষুদ্র অংশ সরকারি কাজে সরবরাহ করা হলেও রাতের বেলায় তা বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে সরবরাহ করে। এ সব ভারি ওজনের মাটি ও বালিবাহি ট্রাক দীর্ঘদিন চলাচলের কারনে গ্রামীন রাস্তা-ঘাটগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। ট্রাক থেকে কাদা-মাটি রাস্তায় পড়ে রাস্তা পিচ্ছিল হচ্ছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।এ ছাড়া প্রচন্ড ধুলোবালির সৃষ্টি হয়ে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।
এ বিষয়ে জনদাবীর মুখে উপজেলা প্রশাসন হতে ইতিপূর্বে দু’একবার অভিযান চালানো হলেও অদৃশ্য ক্ষমতাবলে প্রভাবশালী মাটি ও বালু ব্যবসায়ীরা পূণরায় তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্থদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বিচারে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে নদী ও খালের পাড় ভেঙ্গে পড়ছে।এতে অনেকের বাড়িঘর,রাস্তা ও ফসলি জমি নষ্ট হচ্ছে।আমরা প্রশাসনের নিকট অভিযোগ দিলেও কোন গুরুত্ব দেয়া হয় না।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, সরকারি ঘর ও রাস্তা-ঘাট নির্মানের জন্য মাটি-বালি কাটার জন্য সীমিত সময়ের জন্য দু’একজনকে অনুমতি দেয়া হয়। ঢালাওভাবে কাউকেই অনুমতি দেয়া হয় নি।নানা কাজের চাপে আমরা এদের বিরুদ্ধে ঠিকমতো অভিযান চালাতে পারছি না। সার্ভেয়ারকে লাঞ্চিতকারী অসীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলে কঠিন শাস্তি দেয়া হবে।এছাড়া লোকে নানান কথা বলতে পারে।আমি তো আর তাদের মুখ বন্ধ রাখতে পারি না বলে তিনি অন্যান্য অভিযোগের বিষয়ে মন্তব্য করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





























































































