নজরুল সাহিত্যে প্রেম ও নারীর অধিকার- লেখক – কবি ও প্রাবন্ধিক : সালাম তাসির –
- Update Time : ১০:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ৮৩ Time View
জীবনবোধের সুপ্তবাসনা গুলো বিকশিত হয় মানব প্রেমে। প্রেম ঐশ্বরিক চেতনার প্রস্ফুটিত ফুল। মনের গভীরে যে ঋদ্ধতার জলরাশি তা মহাসাগর পাড়ি দিয়ে পর্বত চূড়ায় প্রশান্তির আবেশ ছড়ায়। এই বিস্তীর্ণ জলরাশি যখন দুঃখের দরিয়ায় আছড়ে পরে ঠিক তখনই বিদ্রোহী চেতনার অবতার হয়ে পৃথিবীতে আসেন কাজী নজরুল ইসলাম। দুঃখ দৈন্যতার মাঝে মানব প্রেমই তাকে সৃষ্টিতে চির মাহান করে রেখেছে। তিনি সাম্যবাদী চেতনায় মানব ধর্ম কে সবার উর্ধে তুলে ধরেছেন। তিনি দ্রোহ এবং প্রেম দিয়েই নারী-পুরুষের মধ্যে সমতা বিধান করার প্রচেষ্টা চালিয়েছেন।
তিনি তার নারী কবিতায় লিখেছেন—
সাম্যের গান গাই–
আমার চোক্ষে পুরুষ-রমণী কোনো ভেদা ভেদ নাই! বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা- কিছু এল পাপ তাপ বেদনা অশ্রু বারি
অর্ধেক তার আনিয়াছেন, অর্ধেক তার নারী!
কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা সাহিত্যে সর্বজন গ্রাহ্য কবিদের মধ্যে অন্যতম। তিনি সর্বজনীন সাম্যবাদের মহান প্রবর্তক। নারী পুরুষের বৈষম্য ও উচু নীচুর পার্থক্য ভুলে সমতার নীতি গ্রহণের জন্য তিনি মানুষকে এক কাতারে নিয়ে আসার আপোষহীন সংগ্রাম করেছেন।
তিনি সব সময় নারীত্বের মহিমাকে শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন। পৃথিবীর সকল মহৎ কর্মে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাকে তিনি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নারীকে সভ্যতার আলো দেখিয়েছেন। তিনি বার বার বোঝাতে চেয়েছেন নারী শুধু সহধর্মিনী নয় সহকর্মীও।
কাজী নজরুল ইসলাম তার বিজয়নী কবিতায় যেভাবে নারীকে উপস্থাপন করেছেন তাতে মনে হয় পুরুষের চেয়ে তিনি নারীকেই এগিয়ে রেখেছেন। দিয়েছেন সর্বোচ্চ সম্মানীয় আসন।
তিনি বলেছেন—
হে মোর রানী তোমার কাছে হারমানি আজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে।
কাজী নজরুল তার জীবন দর্শনে নারীকে মা, ভগিনী রূপে দেখেছেন। আবার কখনো কখনো অসহায় রমণীগণকে ভাগ্যাহত বলেছেন অবলীলায়। যে নারীকে তিনি সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন আবার তাকে অবজ্ঞা ধিক্কারও দিয়েছেন হয় তো প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অথবা ভালোবাসা না পাওয়ার বেদনায়।
যেখানে প্রাপ্তি সেখানেই অপ্রাপ্তির দুঃখ বোধ। ভালোবাসার বৃক্ষে ফুলের সৌন্দর্য শোভা পেলেও তার সাথে কাঁটা জড়িয়ে থাকে সংগোপনে। তাই নজরুলের ভালোবাসা প্রাপ্তিতে যেমন সুখ অনুভব করেছেন তেমনি অপ্রাপ্তির দুঃখ বোধ তাকে ব্যথিত করেছেন সমভাবে।
ভালোবাসা হলো মন্দিরে প্রজ্জলিত আলোক শিখার মত—যা পবিত্র হৃদয়কে আলোকিত করে, মনের পশুত্বকে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। একজন মৃত শিল্পী যখন নরম মাটিতে হৃদয়ের উষ্ণতা মিশিয়ে প্রতিমা তৈরি করে ঠিক তেমনি প্রেমের কবি নজরুল মমতা ময়ী নারীর কমল হৃদয়কে ভালোবাসার উষ্ণতা দিয়ে নির্মাণ করেন হৃদয় রাজ্যের অধীশ্বর।
নারী- পুরুষের মধ্যে সাম্যতার বীজ রোপন করে সাহিত্যের সকল শাখায় তিনি ফুল ফুটিয়েছেন। তার সাহিত্য কর্মে নিমগ্ন হয়ে চিন্তার দৃশ্য কল্প উপস্থাপন করলে মনে হয় পুরুষ পুষ্প বৃক্ষ আর নারী সে বৃক্ষে প্রস্ফুটিত ফুল। তাই তার ভাবনার সাথে আমার ভাবনা মিলিয়ে বলতে ইচ্ছা করে পুরুষ মানেই আধেক জীবন পৃথিবীতে এসে নারী তাকে পূর্ণতা দেয় অধিক ভালবেসে।
মানবতার কবি নজরুল। মানব দর্শনে ঋদ্ধ হওয়া মনকে তিনি আকাশ উচ্চতায় নিয়ে গেছেন। যদি বলি তার হৃদয়ের উত্তর গোলার্ধে হিমালয় দক্ষিণ গোলার্ধে মহাসাগর অতঃপর মানব প্রেমে তিনি হয়েছেন পৃথিবীসম। মননে অসাম্প্রদায়িক চেতনা তাকে মানব ধর্মের পথ প্রদর্শক করে তুলেছে। দ্রোহের কবি বলেই তিনি সে অনলে পুড়িয়েছেন নারীর প্রতি পুরুষের বিদ্বেষী মনোভাব কে।
সমাজ সংসার তথা রাষ্ট্রে নারীর ভূমিকা পুরুষের সমান দাবি করে তিনি বলেন “আমার চোখে পুরুষ- রমণী কোনো ভেদা ভেদ নাই” পৃথিবীতে পুরুষ যত বড় বিজয় অর্জন করুক না কেন তার মূলে অবশ্যই মা, বোন, স্ত্রীর সাহসী ভূমিকার য়েছে।
তাই তিনি লিখেছেন— নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহা-মানবের মহা শিশু তিলে তিলে।
নজরুল কাব্যে মানবতা ছিল একটি অভিযান।
এই অভিযানে শুধু তার বিদ্রোহী কবিতা মধ্য দিয়ে। তিনি মানব প্রেমে নিজেকে সংগঠিত করেন নীতি বোধের মূল্যমানে। ১৯২২ সালের জানুয়ারি মাসে সাপ্তাহিক “বিজলী” পত্রিকায় প্রকাশিত উপনিবেশিকতা আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লেখা তার বিদ্রোহী কবিতা।
বলবীর
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’
দ্যুলোক ভুলোক গোলক ভেদিয়া
খোদার আসন “আরশ” ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রী।
নজরুল ছিলেন বাঙালি রেনেসাঁর ধর্ম নিরপেক্ষ মানবতা বাদের পূজারী। তাই তাকে বিশ্ব মানবতার কবি হিসেবে আখ্যায়িত করা হয়।
তিনি বলেছেন—-
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছুনাই, নহে কিছু মহীয়ান। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
বিশ্ব ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করা এবং মানব গোষ্ঠীর মহামিলনের তুর্য বাদক হিসেবেই থাকতে চেয়েছেন তিনি। কাজী নজরুল ইসলাম তার কবি মানস বিদ্রোহের অগ্নি বলয়ের মত আবার প্রেমও ছিল বহুনান্দ নিকতায় ভরপুর। তিনি প্রেমের কবি সাম্যের কবি এবং বিশ্ব মানবতার কবি। তিনি মননশীল চিন্তা ও চেতনার নান্দনিক উপকরণ দিয়ে নারী এবং প্রেমের সমন্বয় ঘটিয়ে এক অভিন্ন কাব্য গৃহ তৈরি করে রেখেছেন। শুধু নারী প্রেমই নয় বিশ ¦প্রেমে অনিঃশেষ আকুতি কবির প্রেমও বিদ্রোহের সঞ্চালক শক্তি।
প্রত্যেক মানুষের মধ্যেই চাওয়া- পাওয়ার স্বভাব বোধ অন্তরে জাগ্রত হয়। চাওয়া পাওয়ার সার্থকতা স্বভাবত দেয়া-নেয়ার মধ্যে দিয়ে পরিপূর্ণতা লাভ করে। কবির অন্তর মানসে প্রেমের বিপুল ভান্ডার ছিল বলেই তিনি কখনো খন্ডিত মানুষ ছিলেন না। তিনি ছিলেন পরিপূর্ণ এক প্রাণবন্ত পুরুষ। তার প্রেম ছিল জাতি-ধর্ম- বর্ণধনী- গরীবসহ অবস্থানের এক সেতু বন্ধন।
বাতায়ন পাশে ‘গুবাক তরুর সারি’ কবিতায় রোমান্টিক কবি রঙ তুলিতে এঁকেছেন সৌন্দর্যময় প্রেমিকার দেহ, অবয়ব ও অন্তর সত্তার প্রতীক। নজরুল সাহিত্যে প্রেম যে রোমান্টিক বৃত্তি নিয়ে আবির্ভূত হয় তা প্রবল ভাবে লক্ষণীয় কবিতা, গান, গল্প, উপন্যাসে। যার ফলে অন্য সব রোমান্টিক কবিদের মত তিনিও জীবন জগতের সৃষ্টি রহস্যের প্রতি বিস্ময়ের দৃষ্টিতে বার বার বেদনায় কাতর হয়েছেন। আবার বিস্ময়ে অভিভূত হয়েছেন।
নারী মুক্তি ও স্বাধীনতা সম্পর্কে তাঁর কবিতা ও গান সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জরুল সাহিত্যে নারীর নানা মাত্রিক প্রকাশ রয়েছে। তাই জ্ঞান দীপ্ত নারী প্রসঙ্গে সাম্যের কবি বলেছেন
কোন কালে একা হয় নিকো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে’ বিজয় লক্ষ্মী নারী।
তিনি নারী কবিতায় বলেন–
কোন রণে কত খুনদিলনর, লেখা আছে ইতিহাসে
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে!
পুরুষের আত্মত্যাগ, রক্তের সঙ্গে যে নারীর সিঁথির সিঁদুর মিশে আছে তা কখনো কেউ ভেবে দেখেনা। যুদ্ধে পুরুষের প্রাণ হানি হলেই মা, বোন হন জনম দুঃখী, স্ত্রী হন বিধবা। এই ক্ষতির পরিমাণ কারো কম নয় কিন্তু যুদ্ধে শহীদ হওয়া বীরের স্মৃতিস্তম্ভের পাশে জনম দুঃখীদের কথা লেখা হয় না।
নজরুল বিস্ময়ের সাথে লক্ষ্য করেন হিন্দু সমাজ ধর্মীয় দৃষ্টি কোণ থেকে নারী কে দেবীর আসন দিলেও সাংসারিক জীবনে তাদের নেই আত্ম নিয়ন্ত্রণের অধিকার। নারী প্রতি দৃষ্টি ভঙ্গির এই অসামঞ্জস্য নজরুল মেনে নিতে পারেন নি। তিনি মনে করেন ইসলামেও নারীর সমান অধিকারের কথা ঘোষিত হয়েছে অথচ মোল্লা-পুরুতে রদল নানা ভাবে নারীদের বিকশিত হতে দেয়নি। অথচ নারীর প্রেমও প্রেরণার স্বীকৃতি নিয়েই পুরুষ যুগে যুগে সফল হয়েছে বিভিন œক্ষেত্রে কিন্তু কখনোই তা স্বীকার করতে চায় নি।
তাই নজরুল পুরুষের উদ্দেশ্যে বলেন —
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রানী
রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি!
নজরুল জীবনের সমস্ত চাওয়া পাওয়ার সার্থকতা প্রেম দেয়াও প্রেম নেয়ার মধ্যে। কবির অন্তর মানসে প্রেম ছিল বলেই তিনি কখনো খন্ডিত মানুষ ছিলেন না, ছিলেন পরিপূর্ণ এক প্রাণবন্ত পুরুষ।
আমরা নির্দ্বিধায় বলতে পারি ‘প্রেম’ নজরুল কে দিয়েছে মননে মানবতার সৃষ্টিতত্ত্ব, দারিদ্রতা দিয়েছে অধিকার প্রতিষ্ঠায় হাতিয়ার, দ্রোহের অনলে পুড়ে পুড়ে তিনি হয়েছেন বিদ্রোহী। প্রেমকে সবার উর্ধ্বে স্থান দিয়ে তিনি প্রেমিকাকে করেছেন অন্তরের অধিশ্বর। নরীর অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি সব ধর্মকে এক বিন্দুতে এনে মানব ধর্মের জয়গান গেয়েছেন। প্রেমে জয়-পরাজয় মেনেই তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রেমকে সব ধমের ্রঊর্ধ্বে তুলে ধরেছেন।
নজরুলের এই সমন্বিত মনোভাবের উদ্দেশ্য ছিল একটাই নারী পুরুষের মননে, চিন্তায় ও অনুভূতিতে সম অধিকারের বীজ রোপন করা এতে মানুষের হৃদয়ে শ্রেষ্ঠত্বের ফসল মাথা উঁচু করে দাঁড়াবে। বাঙালি সমাজে নারী জাতির অবমাননা আদিকাল থেকেই। বাঙালি নবজাগরণের একটি উল্লেখ যোগ্য অধ্যায় ছিল নিষ্পেষিত ও লাঞ্চিত নারী জাতির মুক্তি। রাজা রাম মোহন রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর প্রমূখ সতীদাহ প্রথা নিবারণ, হিন্দু বিধবা বিবাহ প্রচলনে সফল হলেও তাতে নারী জাতির পূর্ণ মুক্তি আসেনি। তাই সাম্যের কবি নজরুল নারী জাতির মর্যাদাকে পাহাড় উচ্চতায় তুলে ধরে লেখক সত্ত্বার পূর্ণ বিকাশ ঘটালেন। যথার্থ মানবতা বাদী দার্শনিক হিসেবে নজরুল ইসলাম নারী অধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন।
নজরুল দর্শনের মূলে রয়েছে মানুষ ও মানবতা। তার মতে মনুষ্যত্বের মধ্যে ধর্ম বিলীন হয়ে থাকে। তার দর্শন তত্ত্বের মূল বিষয় ছিল ধর্মই মনুষত্ব মনুষত্বই ধর্ম। আমরা জানি নজরুলের এ চেষ্টা বৃথা যায় নি। তার রক্ত- লেখায় ভারতের তেত্রিশ কোটি মানুষ মুক্ত হয়েছে, নিরসন হয়েছে নারী-পুরুষের ভেদাভেদ। তবে এখনো উঁচু তলার মানুষের সাথে নিচু তলার মানুষের বিভেদ কমেনি। আজও পৃথিবীতে দুর্বলের উপর সবলের জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে। মনুষ্যত্ব আর মানবিক মূল্য বোধের হাহাকার সর্বত্র।
কাজী নজরুল বাঙালি মানস চিন্তায় বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তাই তিনি বাঙালি সংস্কৃতি ও বাঙালি নব জাগরণের অন্যতম প্রধান নির্মাতা হিসেবে আবির্ভূত হন। নজরুল সাহিত্যে প্রেম শুধু নারীর প্রতি ভালোবাসা নয়, মানব প্রেমই তাকে মহান করে তুলেছে। তার লেখনির প্রায় অর্ধেকটা জুড়েই ছিল নারীর অধিকার প্রতিষ্ঠায় অসির ঝঙ্কার তুলে ঐক্যতান সৃষ্টি করা।
লেখক-
সালাম তাসির
কবি ও প্রাবন্ধিক
তথ্যসূত্র:
- নজরুল কাব্য প্রবন্ধে সাম্যবাদ ও সুফি রহস্য– মোস্তাক আহমাদ।
- নজরুল সংগীতে নান্দনিকতা — মোহাম্মদ আবুল খায়ের।
- কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের কবিতায় রঙের ব্যবহার বৈচিত্র্য– কাজী মোজাম্মেল হোসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































