পুরো পৃথিবী আজ ক্রান্তিলগ্নে: অভিজিৎ সোম অভি –
- Update Time : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ৬৮ Time View
পুরো পৃথিবী আজ এক ক্রান্তিলগ্নে। আমরা জানিনা কোথায় গিয়ে শেষ হবে এ দুঃসময়ের৷ পুরো জীবনটাই যেনো আজ এক দুঃস্বপ্মের মতো। এরই মধ্যে এসেছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, পবিত্র ঈদুল ফিতর। ছোটবেলা থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে বড় হয়ে উঠেছি।
তাই ঈদ আর পুজোতে কখনো পার্থক্য করতে শিখিনি। ছোটবেলা থেকেই সারাবছর অপেক্ষায় থেকেছি কখন রোজার মাস আসবে। এ অপেক্ষা যেনো এক অপরিসীম আনন্দের অপেক্ষা। এ বছরও সে অপেক্ষায়ই ছিলাম, কিন্তু কখনোই ভাবনাতেও আসেনি এমন ঘরবন্দী ঈদের কথা৷ প্রতিটা বছর ইফতার শেষে বন্ধুদের সাথে গল্প, আড্ডা, রেললাইনের পাশে তারুর টং দোকানে চা খাওয়া, হৈ, হুল্লোড়, ঈদের চাঁদ দেখা, ঈদের দিনের সেমাই খাওয়া, আর বন্ধুদের সাথে ঈদের কোলাকুলি সবকিছুই যেনো এলোমেলো এবার। ঈদের দিন বিকালে পদ্মার পাড় থেকে শ্রীপুর পর্যন্ত রাজবাড়ীর মানুষের যে মিলনমেলা তাঁর কিছুই যেনো হবেনা এবার৷
এমন অনাড়ম্বর ঈদ যে এ জীবনে কোনদিন দেখতে হবে তা যেনো কল্পনাতীত। টেলিভিশন চ্যানেলগুলোতে নেই ঈদের বিশেষ আয়োজন, পত্রিকাগুলো বের করেনি ঈদের বিশেষ সংখ্যা। স্থানীয় পর্যায়েও হবেনা কোন ঈদের অনুষ্ঠান। চারিদিকে শুধুই আজ করোনা ভয় আর শঙ্কা। প্রকৃতির কাছে আমরা আজ বড় অসহায়। চারিদিকে শুনশান নীরবতা দেখা আর ঘরবন্দী থাকা ছাড়া যেনো কিছুই করবার নেই আমাদের। তবুও বলবো ঘরে থেকেই হোক আমাদের নিরাপদ ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদ সুন্দর হোক, নিরাপদ হোক।
অভিজিৎ সোম অভি, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































