রাজবাড়ীর এসপি’র নেতৃত্বে হাত,পা, মুখ বাঁধা অপহৃত কৃষক উদ্ধার, ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৩:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে শনিবার রাতে জেলার বালিয়াকান্দি থেকে অপহরণের শিকার হওয়া এক কৃষককে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা করা হয়েছে। সেই সাথে এই অপহরণের সাথে জড়িত থাকায় অভিযোগে হাতে নাতে ৫ লাখ টাকা মুক্তিপন দাবীকারী ভুয়া সাংবাদিকসহ ২জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওবায়েদুল হক এক প্রেস বিফ্রিংয়ে বলেন, শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোঃ শাখাওয়াত ফকির ও তার মেয়ে অন্তরা বেগম মাদারীপুরের ভাড়া বাসা থেকে নিজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজার থেকে অটোভ্যান যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে রামদিয়া বাজার ও রসুলপুর মোড়ের মাঝখানে পাকা রাস্তার উপর ফাকা জায়গায় পৌছালে অজ্ঞাতনামা ৩জন ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে ভ্যান থামিয়ে শাখাওয়াত ফকিরকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। অজ্ঞাতনামা ব্যাক্তিরা ফোন করে ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। তারা টাকা নিয়ে কালুখালী উপজেলার সোনাপুর-বোয়ালিয়া মোড়ে যেতে বলে। টাকা নিয়ে না গেলে শাখাওয়াত ফকিরকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় বালিয়াকান্দি থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শাখাওয়াত ফকির ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে বালিয়াকান্দি থানা, পাংশা থানার পুলিশ ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় পাংশা-কুষ্টিয়া মহাসড়ের কলেজপাড়া এলাকার আমবাগান থেকে অপহৃত শাখাওয়াত ফকিরকে উদ্ধার করাসহ অপহরণের সাথে জড়িত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে অপু রায়হান (৩২) ও কোড়াপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ সোহেল (৩২) কে আটক করা হয়। এসময় অপহরণকাজে ব্যবহৃত একটি ওয়ালটন মোটর সাইকেল ( রাজবাড়ী-হ-১১-০২০৮) এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক করাকালীন সময়ে স্থানীয় জনগণের হাতে পিটুনীর শিকার হয়। অপহরনকারী দুইজনকে বালিয়াকান্দি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বালিয়াকান্দি থানায় অন্তরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে তাদেরকে রবিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
অপহৃত শাখাওয়াত হোসেন বলেন, প্রথমে প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার মেয়েকে ভ্যানে পাঠিয়ে দিয়ে আমাকে সোনাপুর বাজারে নিয়ে যায়। সেখান থেকে ভয়ভীতি দেখিয়ে মারপিট করাসহ আমার মোবাইলের বিকাশের পিনকোড চায়। পরে আমার বাড়ীর ফোনে ফোন দিয়ে টাকা দাবী করে।
গ্রেফতারকৃত অপু রায়হান নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। সে দৈনিক গণতদন্ত নামে একটি পত্রিকার মেয়াদ উত্তীর্ণ কার্ড প্রদর্শন করে। এছাড়াও বিভিন্ন পত্রিকার নাম দিয়ে একটি ভিজিটিং কার্ড প্রদর্শন করে।
ভুয়া সাংবাদিক অপু রায়হানের বিরুদ্ধে পাংশা, গোয়ালন্দ থানায় প্রতারনা, মাদক ও চুরির ৩টি মামলা রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম জানান, আন্তরিকতার সাথে পুলিশি তৎপড়তার কারণে উদ্ধার করা সম্ভব হয়েছে সাখাওয়াতকে। সেই সাথে তারা হাতে নাতে দুই জন অপহরণকারীকে গ্রেপ্তার করতেও সমর্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পলাতক অপহরণকারী এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তার করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































