গোয়ালন্দের পদ্মায় নিখোঁজ কৃষক ইমদাদুলের লাশ উদ্ধার-
- Update Time : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
- / ৬৫ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে ইমদাদুল সরদার (২৬) নামে এক কৃষক পদ্মা নদীতে দোয়ারী পাঁততে গিয়ে নিখোঁজ হওয়ার ১দিন পর রবিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে উজানচর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম মহিদাপুর এলাকায়।
নিহত ইমদাদুলের শ্বশুর আঃ খালেক ফকীর ও শ্বাশুরী আছিয়া বেগম জানান, ইমদাদুল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তার ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ইমদাদুলের ভগ্নিপতি ছব্দুল সরদার নদীতে নিয়মিত দোয়ারী পেঁতে মাছ ধরে। ঘটনার আগের দিন শনিবার ছব্দুল তার পিতার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যায় এবং শ্যালক ইমদাদুলকে দোয়ারী পাঁততে বলে যায়। ইমদাদুল শনিবার বিকেলে দোয়ারী পাঁততে গিয়ে আর ফিরে আসেনি। এরপর দোয়ারী পাঁতার স্থান ও এর আশপাশ এলাকায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন রোববার বিকেলে স্থানীয় খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ ব্যাপারে ইমদদাদুলের স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী শনিবার বিকেলে দোয়ারী পাঁততে গিয়ে আর ফিরে আসেনি। তাকে কেউ হত্যা করেছে কি না তাও বলতে পারছি না। কৃষি কাজ করে আমাদের সংসার ভালই চলছিল। এখন আমি অবুঝ মেয়েটিকে নিয়ে কোথায় যাব? এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ইমদাদুলের লাশ পদ্মার সংযোগ খাল থেকে উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে লাশের চোখ,মুখ ফোলা ও শরীরের সকল অংশ শক্ত থাকলেও ঘাড় ছিল ঢিলা। তাছাড়া পানিতে ডুবে মারা গেলে তার পেটে পানি থাকার কথা। কিন্তু ইমদাদুলের পেটে কোন পানি নেই। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে থাকতে পারে। তবে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































