দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, মহাসড়কে যানবাহনের সারি –
- Update Time : ১০:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
- / ৬৯ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করে জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মব্যাস্ত মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শুক্রবার দুপুর থেকে দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের ঢল নামে।
এতে গাড়ির চাপ বেড়ে গিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় দুপুরের পর থেকে নদীপারের অপেক্ষায় আটকা পড়া বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের সাড়ি দীর্ঘ হতে থাকে। ব্যাস্ততম এ সময় রুটে চলাচলকারী ইউটিলিটি ফেরি কুসুম-কলি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। কর্মস্থলগামী মানুষকে বয়ে আনা অতিরিক্ত যানবাহনের চাপে শুক্রবার বিকেল নাগাদ দৌলতদিয়ায় ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ যানজট। সিরিয়ালে আটকে থাকা সাধারণ বাসযাত্রীরা এসময় চরম দুর্ভোগ পোহান।
সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার মহাসড়কের একপাশে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। অপরদিকে দৌলতদিয়া বাইপাস সড়কের ১ কিলোমিটার জুড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে প্রাইভেটকার ও মাইক্রোবাস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হচ্ছে যানবাহনের সারি। এদিকে ঘাট থেকে মহাসড়কের ৬ কিলোমিটার দুরে গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় এলাকা থেকে ব্যাক্তিগত গাড়িগুলো বিকল্প সড়ক দিয়ে অন্তত ৮ কিলোমিটার ঘুরিয়ে ঘাটে পাঠাচ্ছে পুলিশ। গ্রামের সরু সড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌছাতে এ সকল গাড়িগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে নদী পারাপার হতে আসা সকল যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পেড়েছে। কর্মস্থল গামী মানুষের চাপ থাকলেও ছিল না যানবাহনের সারি। যানবাহন গুলো সড়কে অপেক্ষা ছাড়াই সরাসরি এসে ফেরিতে উঠছে। তবে সময় বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীর চাপে সেই চিত্র পাল্টাতে থাকে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ঈদের ছুটি শেষে কর্মব্যাস্ত মানুষ একযোগে রাজধানীতে ফিরতে শুরু করেছে। দুপুর পর্যন্ত যানবাহন গুলো সিরিয়ালে অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে। কিন্তু দুপুরের পর থেকে স্রোতের মত বিপুল সংখ্যক যানবাহন নদী পার হতে আসায় মহাসড়কে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। বিকল থাকা ফেরিটি দ্রুত সময়ের মধ্যে চলাচল শুরু করবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































