কালুখালী বাসস্ট্যান্ডের একতলা যাত্রী ছাউনী ভেঙ্গে গায়েব করার চার দিন পর মামলা –
- Update Time : ১০:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরের চাঁদপুর বাসস্ট্যান্ডে থাকা একমাত্র যাত্রী ছাউনিটি ভেঙ্গে গুড়িয়ে দেয়ার পাশাপাশি ইট ও লোহার রড় গায়েব করে ফেলেছে দূর্বৃত্তরা। ওই ঘটনার চার দিন পর রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে আজ সোমবার সকালে অজ্ঞাত দূর্বৃত্তদের আসামি করে জেলা কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন, রাজবাড়ী জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবু ইউসুফ মোল্লা।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম জানান, কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ১৯৯৪ সালে বাসসহ অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করাসহ রোদ, ঝড়, বৃষ্টি থেকে রক্ষা পেতে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে জেলার কালুখালী উপজেলা সদরের চাঁদপুর বাস স্ট্যান্ডে ওই যাত্রী ছাউনিটি নির্মাণ করে রাজবাড়ী জেলা পরিষদ। আর ওই যাত্রী ছাউনির পেছনে ছিলো স্থানীয় চাঁদপুর গ্রামের আফান সেখের ছেলে আদেল সেখ ও আজাই সেখের জমি। সাম্প্রতিক সময়ে বাসস্ট্যান্ড এলাকাটি জমজমাট হয়ে উঠেছে। আশপাশের এলাকায় গড়ে উঠেছে দোকানপাটসহ নানা ধরণের ব্যবসা কেন্দ্র। যে কারণে গত তিন মাস আগে তারা জমিটি জনৈক এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে। ওই প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের নিয়োজিত ঠিকাদারের বেকু (মাটি কাটার যন্ত্র) চালককে জোরপূর্বক এনে রাতের আঁধারে যাত্রী ছাউনিটি গুড়িয়ে দিয়েছে। সেই সাথে যাত্রী ছাউনির ইট ও লোহার রড গুলোও নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শুধু পরে আছে ভবনের ভেঙ্গে ফেলা পলেস্তারা। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ঠদের পত্র প্রদান করেছেন।
কালুখালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, সড়ক বিভাগ রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের কাজ করছে। গত বুধবার রাত ১২টার পর বেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে ওই যাত্রী ছাউনিটি ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































