গোয়ালন্দ থেকে অপহরনের ৭ দিনপর অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরনকারী গ্রেফতার –
- Update Time : ১০:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
- / ৪৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বাদল শেখ (১৩) নামের এক স্কুলছাত্রকে অপহরন করে মুক্তিপন দাবি করার ৭দিন পর বুধবার সকালে সুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আদু মাতুব্বার পাড়া গ্রামের অহেদ আলী শেখের ছেলে ও দৌলতদিয়া আক্কাছ আলী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
এসময় নুরুল ইসলাম হাওলাদার ওরফে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামের এক অপহরনকারীকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজীর চর গ্রামের মকবুল হাওলাদারের ছেলে।
অপহৃত স্কুলছাত্রের পরিবার ও থানা পুলিশ সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিক দৌলতদিয়া বাজারের একটি মাংসের দোকানে মাংস কাটার কাজ করতেন। এই সুবাদে বছরখানেক আগে বাদলের খালা চায়না বেগমকে বিয়ে করেন আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত ও নেশাগ্রস্থ হওয়ায় বিয়ের কিছু পরই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এ পরিস্থিতিতে আবু বক্কর সিদ্দিক প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকেন। গত ১৭ জানুয়ারী দৌলতদিয়ায় বাদলকে একা পেয়ে তাকে মোবাইল ফোন কিনে দেয়াসহ বিভিন্ন ভাবে প্রভাবিত করে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আবু বক্কর সিদ্দিক। শিশু বাদলকে আটকে রেখে তার বাবাকে ফোন করে এক লক্ষ টাকা দাবি করে সে। বাদলের বাবা ফোনে আবু বক্করকে জানায়, আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাব। আমি সাধ্যমত তোমাকে টাকা দিবো কিন্তু আমার ছেলের কোন ক্ষতি করো না। এর মধ্যে বাদলের সাথে কথা বলতে দিয়ে আবু বক্কর বাদলের বাবার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে।
এদিকে শিশু বাদলকে অপহরনের ২দিন পর ১৯ জানুয়ারী বাদলের বাবা অহেদ আলী শেখ গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনা জানিয়ে একটি সাধারন ডায়রী করেন। এরপর থেকে শিশু বাদলকে উদ্ধারে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ অপহরনকরী আবু বক্কর সিদ্দিকের অবস্থান নিশ্চিত হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বরিশালের মুলাদী থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে মূলাদি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারী আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার ও অপহৃত শিশু বাদলকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, শিশু বাদলকে অপহরনের পর থেকেই অপহরনকারী আবু বক্কর সিদ্দিক মুক্তিপন আদায় ও গ্রেফতার এড়াতে চরম চতুরতার আশ্রয় নিয়েছে। যেমন অপহরনকারীর অবস্থান ছিল বরিশালে কিন্তু বিকাশ থেকে টাকা উত্তোলন করেছে ঢাকা মোহাম্মদপুর থেকে। হতদরিদ্র পরিবারের এই শিশুকে উদ্ধার করতে পুলিশ সতর্কতার সাথে অত্যন্ত গুরুত্বের দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অপহরন ও মুক্তিপন আদায়ের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































