দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটের মাঝ পদ্মায় ট্রলারডুবি: বৃদ্ধ যাত্রী নিখোঁজ –
- Update Time : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধ যাত্রী ছাড়া বাকিদের উদ্ধার সম্ভব হয়েছে। নিখোঁজ যাত্রীর সন্ধান চলছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আপাতত লঞ্চসার্ভিস বন্ধ রয়েছে। রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ জরুরী পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য মাত্র দুটি ফেরি সচল রাখা হয়েছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য ও জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা নৌপথ পাড়ি দেয়ার চেষ্টা করছেন নানাভাবে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে একটি চক্র জনপ্রতি ২০০ টাকা ভাড়া চুক্তিতে ২২ জনকে একটি ট্রলারে তুলে দেয়। সকাল দশটার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রলার। মাঝনদীতে গিয়ে প্রবল ঢেউয়ের কবলে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে প্রাণরক্ষার চেষ্টা চালান। আশেপাশে থাকা জেলেরা তাদের মাছ ধরার কয়েকটি নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ২১ জন যাত্রী, ট্রলারের চালক ও সহকারিকে জীবিত উদ্ধার সম্ভব হয়। আনুমানিক ষাট বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে অন্য যাত্রীরা জানান। তার নাম পরিচয় জানা যায়নি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, ‘পদ্মায় ট্রলারডুবির সংবাদ পেয়ে টিম গিয়েছিল। তবে আগেই জেলেরা নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করেন। একজন যাত্রী নিখোঁজ বলে জানা গেছে।’
বিআইডাব্লিউটিএ আরিচা অঞ্চলের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘নৌপথে স্যালোইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।’ সূত্র- দৈনিক কালের কণ্ঠ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































