রাজবাড়ী জেলা শহরে দু’ভাইকে কুপিয়ে জখম, ৪ জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০১:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা মো. মানিক মোল্লা (৬১) বাদী হয়ে মো. মারুফ (৩২), এস.এম. কাওছার মাহামুদ (৪০), মো. আরিফ ওরফে ল্যাংড়া আরিফ (৪৫) ও মো. হান্নান (৫০)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বাদীর ভাই মো. রাজু মোল্লার সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারুফ ও আরিফ মোটরসাইকেলে করে ভবানীপুর মিলপাড়া এলাকায় এসে রাজু মোল্লাকে মারধর করে। এ সময় মারুফ তার কাছে থাকা একটি পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে ২ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ভবানীপুর রেল কলোনি মিলপাড়া এলাকায় একটি মুদি দোকানে অবস্থানকালে বাদীর অপর ভাই সুমন মোল্লা পূর্বের ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। একপর্যায়ে তারা চাপাতি, গিয়ার চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে সুমন মোল্লার ওপর হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলায় সুমন মোল্লার মাথায় একাধিক গুরুতর আঘাত লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই সালাম মোল্লা (পটু)কেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় সালাম মোল্লার পকেটে থাকা ব্যবসার ৬০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত দুই ভাইকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বাদী মানিক মোল্লা জানান, আহতদের চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে গত বুধবার দুপুরে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ওই ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































