পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকট, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পারাপার ব্যাহত-
- Update Time : ০৮:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ও ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। পদ্মায় পানি বাড়ার সাথে স্রোত বেড়ে যাওয়ায় সময় লাগছে প্রায় দ্বিগুন। এসব কারণে উভয় ঘাটে শুক্রবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হচ্ছে শত শত মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত ঈদুল ফিতরের সময় দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ছোট-বড় মোট ২০টি ফেরি চলাচল করতো। কিন্তু ঈদের কয়েকদিন পর যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় সংস্কারের জন্য এই রুট থেকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয় রোরো ফেরি ‘ভাষা শহীদ বরকত’। এর কয়েকদিন পরই ডক ইয়ার্ডে পাঠানো হয় ‘কুসুম কলি’ এবং সর্বশেষ গত বৃহস্পতিবার ‘ঢাকা’ নামক আরেকটি ফেরিকে পুর্নবাসনের জন্য ডক ইয়ার্ডে পাঠানো হয়। এছাড়া রোরো ফেরি শাহ জালালকে গত বৃহস্পতিবার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পাঠানো হয়। ২০টি ফেরির মধ্যে চারটি অন্যত্র থাকায় এই নৌপথে ফেরি সংকট দেখা দেয়। এমত অবস্থায় বাকি ১৬টি ফেরির মধ্যে মাঝেমধ্যে দুই-তিনটি করে ফেরি যান্ত্রিক ক্রটিতে বিকল হয়ে পড়ছে।
সূত্র মতে, গত বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল থেকে পর্যায়ক্রমে রোরো ফেরি গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ রুহুল আমীন এবং শাহ আলী নামক তিনটি বড় ফেরি বিভিন্ন সময় যান্ত্রিক ক্রটিতে বিকল হয়ে পড়ে। এসব ফেরি রাতে পর্যায়ক্রমে নৌপথে বের হলেও গতকাল শুক্রবার সকালে আরেক রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান যান্ত্রিক ক্রটিতে বিকল হয়ে পড়ে। এছাড়া রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমানের একটি ইঞ্জিন দুর্বল থাকায় সাধারণত ঝুকি এড়াতে রাতে চলাচল বন্ধ রাখে। বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন বলেন, দফায় দফায় ফেরি বিকল হয়ে পড়ায় গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়া পদ্মায় পানি বাড়ার সাথে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগে যেখানে লাগতো ৩০ থেকে ৩৫মিনিট। বর্তমানে সেখানে লাগছে প্রায় ৫০ মিনিট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































