চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কেকেএস-এর নৈশপ্রহরীর আত্মহত্যা –
- Update Time : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আনিছুর রহমান মোল্লা (৪৩) নামের এক ব্যাক্তি। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কছিমুদ্দিনপাড়া মহল্লার মো. আক্কাছ আলী মোল্লার ছেলে। মৃত আনিছুর বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) গোয়ালন্দ কার্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে গোয়ালন্দঘাট-রাজবাড়ী রেলপথের গোয়ালন্দ বাজার স্টেশন এলাকায়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৈশপ্রহরী আনিছুর রহমান মোল্লা (৪৩) মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। প্রতিদিনের মতো আজ বুধবার তিনি গোয়ালন্দ বাজারে যান। সেখান থেকে ফিরে দুপুর সোয়া ১টার দিকে তিনি রেলওয়ের গোয়ালন্দ বাজার স্টেশনের প্লাটফর্মের সামনে রেলাইনের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় গোয়ালন্দ ঘাট স্টেশন (দৌলতদিয়া) থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন গোয়ালন্দ বাজার স্টেশন এলাকায় চলে আসে। সঙ্গে সঙ্গে সেখানে চলন্ত ওই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন নৈশপ্রহরী আনিছুর রহমান মোল্লা।
গোয়ালন্দ ঘাট রেলওয়ে থানার ওসি সুনিল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কোন কারণে এবং কেন ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। সূত্র- দৈনিক কালের কণ্ঠ অনলাইন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































