গোয়ালন্দে জমি ভাগাভাগি নিয়ে ৫ সন্তানের দ্বন্দ্ব,২৯ ঘন্টা পর দাফন হলো বাবার লাশ –
- Update Time : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ৮৭ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
মৃত্যুর দীর্ঘ ২৯ ঘন্টা পর অবশেষে মাটি পেলেন বহুল আলোচিত ইয়াসিন মোল্লা (৮৫)। বুধবার রাত ৮ টার দিকে তাকে তার বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার বিকেল ৩ টায় তার মৃত্যু হলেও জমিজমার দ্বন্দ্বে জড়িয়ে লাশ দাফনে বাঁধা হয়ে দাড়ায় বৃদ্ধের ৫ সন্তানের ৪ জন। দীর্ঘ ২২ ঘন্টা পর বুধবার (৭ জুলাই) দুপুর ১ টার দিকে স্হানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম এবং গণ্যমান্যরা শালিসের মাধ্যমে লাশ দাফনের সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু ততক্ষনে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে নিয়ে যান। পরে সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে রাত ৮ টার দিকে লাশ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে বৃদ্ধের বসতবাড়ির আঙ্গিনায় দাফন করা হয়। বৃদ্ধের সন্তানদের এমন কীর্তিতে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা।বিষয়টি এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি করেছে।
এ নিয়ে বৃহস্পতিবার রাজবাড়ী বার্তা ডট কমে “বাবার লাশ রেখে ভাগাভাগির দ্বন্দ্বে ২২ ঘন্টা সন্তানরা ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। স্হানীয় ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা জানান, ইয়াসিন মোল্লা ইতিপূর্বে তার বসতবাড়ী ও মাঠের জমিজমা সহ মোট ৬০ শতাংশ জমি তার ছোট ছেলে রহমান মোল্লার নামে লিখে দেন ।কিন্তু বিষয়টি তার বড় ছেলে বাবলু মোল্লা এবং তিন মেয়ে মেনে নিতে পারেননি। এ নিয়ে অনেক বিচার -শালিস হয়েছে। আদালতে মামলাও চলছে। বিরোধের কারনে রহমান বাড়িতেও টিকতে পারেনি।সে গোয়ালন্দ পৌর এলাকায় ভাড়া বাড়িতে থাকে। এই বিরোধের জেরেই মৃত ব্যক্তির লাশ দাফন নিয়ে সমস্যার সৃষ্টি হয় ।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, করোনা পরিস্হিতির উন্নতি হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সিসহ স্হানীয় গন্যমান্যরা বসে ইয়াসিন মোল্লার বাড়িঘর ও জমিজমার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সে ক্ষেত্রে যে কোন সিদ্ধান্ত মেনে নিতে ইয়াসিন মোল্লার ৫ সন্তানই রাজি হয়ে ষ্ট্যাম্প স্বাক্ষর দিয়েছে।আশা করি আমরা এর একটা শান্তিপূর্ণ সমাধান দিতে পারব।
গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ মিজানুর রহমান আকন্দ জানান, আমরা খবর পাই বৃদ্ধ ইয়াসিন মোল্লাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সে জন্য বিতর্ক এড়াতে জিডি মূলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করি। ময়না তদন্তের রিপোর্টের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































