অতিথি পাখি শিকার করে ফেসবুকে পোস্ট, গোয়ালন্দে পাখি শিকার বন্ধের দাবীতে স্মরকলিপি –
- Update Time : ০৬:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অতিথি পাখি শিকার আইনগত ভাবে অপরাধ হলেও রাকিব আহমেদ নামে এক ব্যাক্তি সেই পখি শিকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এতে দীর্ঘদিন ধরে পাখি শিকার বন্ধের আন্দোলন করা স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ব্যবস্থা গ্রহনের জন্য শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। রাকিব আহমেদ এসেনসিয়াল ড্রাগ কর্পোরেটিভ লিঃ এ ফার্মাসিস্ট পদে চাকরি করেন।
অনুসন্ধানে জানা গেছে, মূল পদ্মা নদী, মরা পদ্মা নদীসহ গোয়ালন্দের ছোট-বড় অসংখ্য খাল-বিল বরাবরের মতো এবারের শীতেও অসংখ্য অতিথি পাখি ও দেশীয় প্রজাতির পাখির কলোকাকলীতে মুখরিত হয়ে আছে। এ সকল পাখি প্রকৃতিতে এক অনাবিল সৌন্দর্যের সৃষ্টি করেছে। কিন্তু এক শ্রেণির মানুষ এয়ারগান, গুলতি, বিষটোপ, ফাঁদসহ বিভিন্ন উপায়ে নির্বিচারে এ পাখিগুলো শিকার করে চলেছে। অতি উৎসাহি কেউ কেউ শিকার করা পাখির ছবি ফেসবুকে প্রকাশ করে বিকৃত মজা নেয়ার ঘটনা ঘটছে। সেখানে উঠছে সমালোচনার ঝড়। এ অবস্থায় শনিবার গোয়ালন্দের সামাজিক সংগঠন একজ জাগরণে’র কর্মিরা পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে একজ জাগরণে’র আহবায়ক সুজন সরোয়ার বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা পাখি সংরক্ষণের জন্য সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এক শ্রেণির বেপরোয়া শিকারী কোন কথা শুনতে চায় না। পাখি শিকার করে বরং তারা সেই ছবি ফেসবুকে পোষ্ট করার মধ্য দিয়ে অন্যদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে। এগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দরকার।
পাখি শিকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকারী রাকিব আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাখি শিকার করে ফেসবুকে পোস্ট করা আমার ভুল হয়েছে। ইতিমধ্যে ওই পোস্টটি আমি মুছে (রিমুভ) করে ফেলেছি। এছাড়া একজ জাগরনের কর্মীদের সাথেও আমার আপস হয়ে গেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, পাখি শিকার করা গুরুতর অপরাধ। বিবিধ অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































